জমি কেনার পূর্বে বায়া দলিল যাচাই করার সঠিক নিয়ম ও আইনি পদ্ধতি
বাংলাদেশে জমি জমা বা স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা থেকে বাচা এবং নমালিকানা নিশ্চিত করার প্রথম ও প্রধান শর্ত হলো ‘বায়া দলিল’ সঠিকভাবে যাচাই করা। অনেকেই জমি কেনার সময় শুধুমাত্র বিক্রেতার নামের শেষ দলিল বা সদ্য প্রস্তুতকৃত খতিয়ান দেখে জমি কিনে থাকেন, যা পরবর্তীতে চরম আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মূল দলিলের পেছনে যে ইতিহাস বা পূর্ববর্তী হস্তান্তরের যে চেইন (Chain of Ownership) থাকে, তাকেই আইনি ভাষায় বায়া দলিল বলা হয়। ভূমির সঠিক স্বত্ব প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ দেওয়ানি মামলা-মোকদ্দমা থেকে নিজেকে মুক্ত রাখতে বায়া দলিল যাচাইয়ের পদ্ধতি ও আইনি বাধ্যবাধকতা জানা প্রতিটি ক্রেতার জন্য খুভ জরুরি।
বায়া দলিল কি
প্রথমত, বায়া দলিল বলতে মূলত মূল জমিটি বর্তমান বিক্রেতা বা তার পূর্বপুরুষদের হাতে কীভাবে এসেছে, সেই সংক্রান্ত সকল পূর্ববর্তী হস্তান্তর দলিলকে বোঝায়। উদাহরণস্বরূপ—কোনো জমি যদি গত ৫০ বছরে ৫ বার হাতবদল হয়ে থাকে, তবে সেই ৫টি হস্তান্তরের প্রতিটি দলিলই হলো পরবর্তী ক্রেতার জন্য বায়া দলিল। যদি এর মাঝখান থেকে যেকোনো একটি দলিল নিখোঁজ বা জালিয়াতির মাধ্যমে তৈরি হয়, তবে পুরো জমির মালিকানার শিকড় দুর্বল হয়ে পড়ে।জমি কেনার আগে বায়া দলিল যাচাই করার মূল আইনি ধাপসমূহ নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
আরো পড়ূন-সিএস, এসএ, আরএস ও বিএস খতিয়ান চেনার সহজ উপায় ও অনলাইন যাচাই পদ্ধতি
১ শতাংশ জমি কতটুকু? শতাংশ, কাঠা ও স্কয়ার ফিটে জমি পরিমাপের সহজ হিসাব
ই-নামজারি নামঞ্জুর বা বাতিল হলে করণীয় ও মিস কেস (Miss Case) দায়ের করার সঠিক আইনি পদ্ধতি
মালিকানার ধারাবাহিকতা মেলানো
বায়া দলিল যাচাইয়ের প্রথম কাজ হলো সিএস (CS) খতিয়ান থেকে শুরু করে এসএ (SA), আরএস (RS) এবং সর্বশেষ বিএস (BS) খতিয়ান পর্যন্ত জমির হাতবদলের ক্রম ঠিক আছে কিনা তা মিলিয়ে দেখা। বিক্রেতা জমিটি ক্রয় সূত্রে পেয়েছেন, নাকি পৈতৃক ওয়ারিশ সূত্রে পেয়েছেন—তা বায়া দলিলের সাথে মিলিয়ে নিতে হবে।
সাব-রেজিস্ট্রি অফিসে মূল বালাম বই যাচাই
সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের বালাম বইয়ের সাথে বিক্রেতার সরবরাহিত বায়া দলিলের নকল বা সার্টিফাইড কপির হুবহু মিল রয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। অনেক সময় অসাধু চক্র ভুয়া দলিল নম্বর ও ভুয়া সিল ব্যবহার করে জাল বায়া দলিল তৈরি করে থাকে। রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ের সাথে সিল, স্বাক্ষর ও পৃষ্ঠা নম্বর মিলিয়ে নিলে জাল দলিল সহজেই ধরা পড়ে।
জমির পরিমাণ ও অংশ হিসাব করা
বায়া দলিলে উল্লেখিত মূল জমির পরিমাণের সাথে বর্তমান বিক্রেতা যতটুকু বিক্রি করছেন তার হিসাব মেলাতে হবে। ধরা যাক, বায়া দলিলে মূল বিক্রেতা পেয়েছিলেন ১০ শতাংশ জমি, কিন্তু তিনি যদি পূর্বে ৫ শতাংশ অন্য কারো কাছে বিক্রি করে থাকেন, তবে বর্তমান বিক্রেতার কাছে অবশিষ্ট থাকবে মাত্র ৫ শতাংশ। বায়া দলিলগুলোর পর পর হিসাব না করলে অতিরিক্ত জমি লিখে নেওয়ার জালিয়াতি ধরা আপনার পক্ষে সম্ভব হবে না।
নেক্সাস বা নামজারি পর্চার সাথে সংযোগ
শুধু বায়া দলিল থাকলেই চলে না, বায়া দলিলের ভিত্তিতে বিক্রেতা বা তার পূর্বসূরিদের নামে নামজারি বা ই-নামজারি সম্পন্ন হয়েছে কিনা এবং বায়া দলিলের জোত নম্বর ও দাগ নম্বর খতিয়ানের সাথে মিলছে কিনা তা নিশ্চিত হতে হবে।
পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা যাচাই
জমিটি যদি মূল মালিকের কাছ থেকে কোনো অ্যাটর্নি বা প্রতিনিধি বিক্রি করেন, তবে মূল বায়া দলিলের পাশাপাশি ‘পাওয়ার অব অ্যাটর্নি’ বা আমমোক্তারনামা দলিলটি রেজিস্টার্ড কিনা এবং পাওয়ার দাতার মৃত্যুর কারণে সেই পাওয়ার বাতিল হয়েছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করতে হবে।
জায়গা-জমি কেনাবেচায় সামান্য অসাবধানতা সারা জীবনের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে। তাই জমি চূড়ান্ত রেজিস্ট্রেশন করার আগে অভিজ্ঞ দলিল লেখক, সাব-রেজিস্ট্রেশন অফিসের তল্লাশিকারক বা ভূমি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেটের মাধ্যমে সাব-রেজিস্ট্রি অফিসে সার্চিং দিয়ে বায়া দলিলের সত্যতা নিশ্চিত হওয়া বুদ্ধিমানের কাজ।

